itbd69

চীনা বাইদুর বড় ধাক্কা: লোকসান ঠেকাতে কর্মী ছাঁটাই শুরু

 চীনা বাইদুর বড় ধাক্কা: লোকসান ঠেকাতে কর্মী ছাঁটাই শুরু

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে তীব্র প্রতিযোগিতা ও বিজ্ঞাপন আয়ের ধারাবাহিক পতনে চাপে আছে চীনের প্রযুক্তি জায়ান্ট বাইদু। পরিস্থিতি সামাল দিতে কোম্পানিটি একাধিক বিভাগে বড় পরিসরের কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে।

চীনের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান বাইদু এই সপ্তাহে ব্যাপক কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ নিয়েছে, যা কোম্পানির একাধিক বিভাগে প্রভাব ফেলবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে তীব্র প্রতিযোগিতা এবং বিজ্ঞাপনী আয়ে বড় ধরনের ধস—এই দুই কারণেই প্রতিষ্ঠানটি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।


তৃতীয় প্রান্তিকের লোকসান প্রকাশের মাত্র কয়েক দিনের মধ্যেই, ১৮ নভেম্বর থেকে ছাঁটাই প্রক্রিয়া শুরু করেছে বাইদু। চলতি বছরের শেষ পর্যন্ত এই কার্যক্রম চলবে।

যদিও মোট কতজন ছাঁটাই হবে তা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি, কোম্পানির ভেতর থেকে পাওয়া তথ্যে বোঝা যাচ্ছে—এটি এবার বড় আকারের ছাঁটাই। কর্মদক্ষতার মূল্যায়ন এবং যে যে বিভাগের অবস্থান—এসব বিবেচনায় রেখে ছাঁটাইয়ের হার নির্ধারণ করা হচ্ছে। কিছু টিমে এই হার ৪০ শতাংশ পর্যন্ত উঠতে পারে।


তবে এআই ও ক্লাউড কম্পিউটিং-সম্পর্কিত পদগুলো ছাঁটাইয়ের বাইরে থাকবে। বরং এ খাতে আরও বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনার কথাও জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র। তথ্য সংবেদনশীল হওয়ায় কেউই নাম প্রকাশ করতে চায়নি।


টানা দ্বিতীয় প্রান্তিকে রাজস্ব কমার পরই ছাঁটাইয়ের ঘোষণা এসেছে। তৃতীয় প্রান্তিকে মোট আয় কমেছে প্রায় ৭ শতাংশ এবং অনলাইন বিজ্ঞাপন আয় হ্রাস পেয়েছে ১৮ শতাংশ। একই সময়ে কোম্পানিটি দেখিয়েছে ১৫৯ কোটি ডলারের লোকসান।


বছরের পর বছর ধরে এআই-এ বিনিয়োগ করলেও বাইদুর মূল বিজ্ঞাপনভিত্তিক ব্যবসায় উল্লেখযোগ্য উন্নতি আসেনি। বরং বাজার শেয়ার বেশি চলে গেছে রেডনোট ও বাইটড্যান্সের ডৌইনের মতো জনপ্রিয় অ্যাপের হাতে।


২০২৩ সালে চ্যাটজিপিটি-ধাঁচের সেবা চালুর মাধ্যমে চীনে প্রথম বড় কোম্পানি হিসেবে আলোচনায় এলেও, প্রতিযোগিতায় টিকে থাকতে এখনো লড়াই করছে বাইদু। অন্যদিকে আলিবাবা, ডিপসিকসহ বিভিন্ন প্রতিদ্বন্দ্বী দ্রুত এগিয়ে যাচ্ছে।


বাইদু জানায়, তারা এআই প্রযুক্তি নিজেদের বিদ্যমান পণ্যসমূহে যুক্ত করার ওপর জোর দিচ্ছে। এখন তাদের মোবাইল সার্চ ফলাফলের অর্ধেকেরও বেশি জায়গা দখল করে আছে এআই–জেনারেটেড কনটেন্ট।


চীনা প্রযুক্তি খাতে প্রতিযোগিতা বাড়া এবং ব্যয় সংকোচনের কৌশল হিসেবে ছাঁটাই নতুন কিছু নয়। ২০২২ সালে আলিবাবা ও টেনসেন্টও কঠোর নিয়মকানুনের চাপে কয়েক হাজার কর্মী ছাঁটাই করেছিল।

একই সময়ে যুক্তরাষ্ট্রের অ্যামাজন ও আইবিএমসহ বৈশ্বিক অনেক প্রযুক্তি কোম্পানিও ব্যাপক ছাঁটাই করছে।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
itbd69
itbd69